কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ৫টার দিকে রাঙামাটি সদর উপজেলার বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

ইনতিশার হাসনাত (২২) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, চট্টগ্রাম থেকে তারা চারজন বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে তারা নৌকা থেকে পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় বন্ধুদের সঙ্গে ইনতিশার হাসনাত সাঁতরে হ্রদের একটু গভীর চলে গেলে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার পর রাঙামাটি ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে তার দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বিকেল ৫টার দিকে এক পর্যটকের নিখোঁজের খবর পাই। প্রায় ঘণ্টাখানেক উদ্ধার কাজ চালিয়ে তাকে পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিজে

ksrm