দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মাছেও উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ডিসকাভার এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হ্রদের পাঁচ প্রজাতির দেশীয় ছোট মাছের সব নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক কণা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে ট্যাংরা মাছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একদল শিক্ষক-শিক্ষার্থী এ গবেষণা করেছেন।
গবেষণায় কাপ্তাই হ্রদের কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা মাছের ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। রাঙামাটির রিজার্ভ বাজার, সুবলং বাজার ও বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল।
গবেষণায় দেখা গেছে, নমুনা হিসেবে নেওয়া প্রতিটি মাছের দেহে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি গ্রাম ট্যাংরা মাছে গড়ে শূন্য দশমিক ৬৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। হ্রদের তলদেশের কাদা ও বালু থেকে খাবার সংগ্রহ করার কারণে এ মাছের দেহে প্লাস্টিক কণার উপস্থিতি বেশি বলে মনে করছেন গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়েছে, মাছের দেহে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের ৮৫ শতাংশ ছিল সুতা বা ফাইবার আকৃতির। রাসায়নিক বিশ্লেষণে এসব কণার ৭১ শতাংশ পলিথিন বলে শনাক্ত করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ, বোতল ও প্যাকেজিং সামগ্রী থেকে এসব কণা তৈরি হতে পারে। নমুনায় নীল, কালো ও সাদা রঙের প্লাস্টিক কণাও পাওয়া গেছে।
গবেষকদের মতে, হ্রদের আশপাশে অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষের অসচেতনতার কারণে গৃহস্থালি বর্জ্য, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক এবং পুরোনো মাছ ধরার জাল থেকে দূষণ ছড়াচ্ছে। ড্রেন ও বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য হ্রদে গিয়ে জমা হচ্ছে। বিশেষ করে পর্যটনকেন্দ্র ও স্থানীয় বাজারের প্লাস্টিক বর্জ্য দূষণের অন্যতম উৎস।
গবেষণায় যুক্ত সিভাসুর ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন রানা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বড় প্লাস্টিক থেকে ছোট প্লাস্টিক হয়। ছোট প্লাস্টিক খাবার হিসেবে গ্রহণ করে মাছ। এর ফলে মাছের শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘কাপ্তাই হ্রদের বেশ কয়েকটি প্রজাতির মাছ পরীক্ষা করা হয়েছে। সব কটি মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন থেকে সাবধান হতে হবে। হ্রদভিত্তিক পর্যটনকেন্দ্রগুলোতে প্লাস্টিকের ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে ভাবতে হবে। পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে।’
গবেষকেরা সতর্ক করে বলেছেন, কাপ্তাই হ্রদের ছোট মাছ সাধারণত নাড়িভুঁড়িসহ পুরোটা রান্না করে খাওয়া হয়। ফলে এসব মাছের দেহে থাকা মাইক্রোপ্লাস্টিক মানুষের খাদ্যশৃঙ্খলে প্রবেশের আশঙ্কা রয়েছে। দীর্ঘ মেয়াদে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের ফলে শরীরে প্রদাহ, বিপাকজনিত সমস্যা ও নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছেন গবেষকেরা। হ্রদের আশপাশের বাজার, পর্যটনকেন্দ্র ও বসতিতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমাতে সচেতনতামূলক কর্মসূচি চালু করা জরুরি মনে করছেন তারা।
আইএমই/ডিজে




