কর্মস্থলে যাওয়ার পথে স্ত্রীকে হাতুড়িপেটা, জনতার হাতে আটক স্বামী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারিপুল এলাকার নাভা গার্মেন্টসের সামনে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে হাতুড়িপেটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের দেখা দিয়েছে।

ভুক্তভোগী শুক্লা বিশ্বাস হাবিলাসদ্বীপ সরকার বাড়ির মন্টু বিশ্বাসের মেয়ে। প্রতিদিনের মতো রিকশাযোগে কর্মস্থল নাভা গার্মেন্টসে যাচ্ছিলেন তিনি।

আটক ব্যক্তির নাম পংকজ চৌধুরী। তিনি একই এলাকার টুমটু চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা থেকে নামার মুহূর্তে পংকজ চৌধুরী হাতুড়ি দিয়ে শুক্লা বিশ্বাসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত শুক্লা বিশ্বাসকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী মহিলা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি।

ডিজে

ksrm