কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমানে গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ পর্যায়ে কাজ করবে এবং জনগণকে তাদের নাগরিক সেবা দেওয়ার প্রতিজ্ঞা করেন। এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

মাঠে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে জনগণের সেবায় নিয়জিত থাকতে বলেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক ভাবে সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।

বাংলাদেশের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি মানুষ—এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আমাদের মনস্তত্ত্বে সবসময় যেন থাকে, আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে, একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ksrm