চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
চট্টগ্রামের সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি মধ্যবয়সী এক নারীর। এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশটির বাম পা ভাঙা এবং গোড়ালিতে জখমের মত চিহ্নও দেখা গেছে।
তিনি আরও জানান, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে আঙুলের ছাপও সংগ্রহ করা হয়েছে। পুলিশ এখন ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এফএ/ডিজে




