কর্ণফুলী নদীতে বাল্কহেড বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডের ফার্ম মোটর বিস্ফোরণে দগ্ধ মো. ইসমাইল নামে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় নোঙর করা ‘এমভি আটি-১’ নামে একটি বাল্কহেডে হঠাৎ করে ফার্ম মোটর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মুহূর্তেই বাল্কহেডে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাল্কহেডে কর্মরত শ্রমিক মো. ইসমাইল ও ইসফাক গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল মারা যান।

নিহত ইসমাইল (৫০) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি দুদু মিয়া মেম্বারের ছেলে এবং দীর্ঘদিন ধরে বাল্কহেডটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন জানান, রোববার রাতে ‘এমভি আটি-১’ বাল্কহেডের ফার্ম মোটর বিস্ফোরণের পর আগুন লাগে। এতে দুই শ্রমিক দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। ঘটনায় তদন্ত চলছে।

জেজে/এএইচ

ksrm