কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ নাবিককে উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় দ্রুত আটজন এবং পরে আরও চারজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ড জানায়, লাইটার জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী হয়ে ঢাকার উদ্যেশ্য যাচ্ছিল। যাত্রাপথে অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে আংশিক ডুবে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাহাজের নাবিকদের উদ্ধারে অভিযান শুরু হয়। প্রথমে ৮ জনকে উদ্ধার করা হয় এবং পরে স্থানীয়রা পারকি বিচ এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করেন।

চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার মো. নাছির উদ্দিন জানান, লাইটার জাহাজ দুর্ঘটনার কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।

সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়া করে কর্ণফুলী নদী দিয়ে। তবে দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এফএ/ডিজে

ksrm