কর্ণফুলী থেকে উদ্ধার বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের কর্ণফুলীর তীরে বস্তাবন্দি অবস্থায় পাওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে ১০ দিন পর। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন নিহত নারীকে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১ আগস্ট নগরের পিডিবি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করে পুলিশ।

এরপর পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহের জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে সেটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।

নিহত জান্নাতুল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি নগরের চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি জুতার কারখানায় কাজ করতেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাতুল। বিষয়টি পরিবার জানলেও তারা ওই বিয়ে মেনে নেয়নি। দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল বলেও জানিয়েছে পরিবার।

পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে কর্ণফুলী নদীর তীরে ফেলে রাখা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে সদরঘাট নৌ থানায় হত্যা মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, হত্যা মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ

ksrm