কর্ণফুলীর মোহনায় আটকে গেছে কন্টেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কারিগরি ত্রুটির কারণে ১ হাজার ২৮২ কন্টেইনারবোঝাই একটি জাহাজ কর্ণফুলী নদীর মোহনায় আটকে গেছে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হওয়ায় বন্দরের জাহাজ চলাচল ও সার্বিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে মাল্টার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটিতে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়।

জাহাজটিতে মোট ১ হাজার ২৮২টি কন্টেইনার রয়েছে।

ঘটনার পরপরই জাহাজটি উদ্ধারে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামে দুটি টাগবোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নৌপথ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ভাটার সময় এ নৌপথে বড় জাহাজের চলাচল এমনিতেই সীমিত থাকে। ফলে জাহাজটি আটকে গেলেও চট্টগ্রাম বন্দরের সামগ্রিক অপারেশন বা অন্যান্য জাহাজের চলাচলে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

এএইচ/ডিজে

ksrm