কর্ণফুলীর বুকে ভুয়া পুলিশ-সাংবাদিকের চাঁদাবাজি, জনতার হাতে আটক ২

চট্টগ্রামের বাকলিয়ার মন্দিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নৌপুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটলেও পরে তা জানাজানি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

আটকরা হলেন—ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইসা গ্রামের হানিফ বেপারির ছেলে শাহে আলম ওরফে ‘দাদা ভাই’ (৪৬) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আজিজ বলির বাড়ির নোয়া মিয়ার ছেলে মোহাম্মদ লিটন (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ভাড়া করা একটি নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে চলাচলরত বাল্কহেড থামাতো।

পরে কখনো নিজেদের নৌ পুলিশ, কখনো শ্রমিক ইউনিয়নের নেতা, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। তাদের সন্দেহজনক আচরণে স্থানীয়রা একপর্যায়ে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।

তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার টাকা, একটি লোহার স্টিক এবং সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের একাধিক ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের নাম ব্যবহার করা দুটি কার্ডও রয়েছে। পাশাপাশি নদীর পাড়ে রাখা তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ চক্রটি নদীপথে বিভিন্ন পরিচয়ে শ্রমিকদের হয়রানি করে আসছিল। হাতেনাতে ধরা পড়ার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করে। পরে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেজে/ডিজে

ksrm