কর্ণফুলীর তিন যুবলীগ নেতাকে ৬ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের চান্দগাঁও থানার পাঁচটি হত্যা এবং একটি বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ। শনিবার চান্দগাঁও থানা পুলিশ তাদের আদালতে পাঠান।

গ্রেপ্তার তিনজন হলেন—কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ফকিরন্নিরহাট চৌধুরী বাড়ির মৃত সোলাইমান চৌধুরীর ছেলে মো. নুরুল হক চৌধুরী (৩২), শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার আবুল খায়ের সওদাগরের বাড়ির মৃত মো. শফিকের ছেলে মো. ইকবাল হোসেন (৪২), এবং জুলধা ইউনিয়নের মালেক সুফীর বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে মো. জামাল (২৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে স্থানীয় সূত্র ও আত্মীয়স্বজন দাবি করছেন, পুলিশ যা বলছে তা সঠিক নয়। ওই তিনজন আগ্রাবাদ জাম্বুরি পার্ক ঘুরে চৌমুহনী ওরিয়েন্টো রেস্টুরেন্টে চা খেতে গিয়ে ডবলমুরিং থানা পুলিশের হাতে আটক হন। পরে রাতেই তাদের কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে চান্দগাঁও থানায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নুরুল হক জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য এবং যুবলীগের সক্রিয় সদস্য। ইকবাল হোসেন যুবলীগের কর্ণফুলী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামাল একজন সক্রিয় সংগঠক।

জানা গেছে, নুরুল হক ও ইকবাল হোসেনকে চান্দগাঁও থানার হত্যা মামলা নং-১২, ১৫, ১৮, ২২, ২৬-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সংগঠক জামালকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে চান্দগাঁও থানার ১৭ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মামলার একাধিক এজাহারে বলা হয়েছে, গত বছরের জুলাই মাসে নগরীর বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালান অভিযুক্তরা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ বিষয়টি এখনও তদন্তাধীন।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘শুক্রবার ডবলমুরিং থানা পুলিশ কর্ণফুলী যুবলীগের তিন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাদের চান্দগাঁও থানায় পাঠিয়েছি।’

জেজে/ডিজে

ksrm