কর্ণফুলীতে নৌযান বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার নৌযান বিস্ফোরণে দগ্ধ দুইজন মারা গেছেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা নেওয়া হচ্ছিল।

বুধবার (১ জুলাই) সকালে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

নিহত দুইজন হলেন—রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। এদের মধ্যে রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় ও শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। তাদের উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় নেওয়া হচ্ছিল।

এর আগে মঙ্গলবার সমুদ্র থেকে মাছ নিয়ে কর্ণফুলী নদীতে নোঙর করে ‘এফভি দেশ’ নামে একটি নৌযান। হঠাৎ নৌযানের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। এতে নাবিকসহ ছয়জন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহত প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ জানান, দগ্ধ ছয়জনের মধ্যে তিনজন দগ্ধকে বুধবার সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে। গুরুত্ব আরও তিনজনকে ঢাকায় নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে।

আরএ/ডিজে

ksrm