চট্টগ্রামের কর্ণফুলীতে চাকরি হারানোর দেড় মাস পর হতাশাগ্রস্ত এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শিকলবাহা ইউনিয়নের চরহাজারী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আতিকুর রহমান সুজন (২৯)। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সুজন বিয়ে করেন। বর্তমানে তার চার মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। জীবিকার তাগিদে কয়েক বছর তিনি প্রবাসে ছিলেন। তবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দেশে ফিরে আসেন।
দেশে ফিরে আনোয়ারা কেপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন তিনি। কিন্তু দেড় মাস আগে চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুজন—এমনটা জানিয়েছেন তার স্বজনরা।
পুলিশ জানায়, বাড়ির রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
জেজে/এএইচ




