প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে চট্টগ্রামের ৫ জন সহ শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন।
দেশে করোনায় একদিনে শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৯ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪২ জন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন।
জাহিদ মালেক আরও বলেন, ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে। এজন্য সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে অবস্থানে বিকল্প নেই।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং দেশে এ রোগে আক্রান্ত প্রথম রোগী মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
এদিকে, চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৫ জন। এই নিয়ে মোট আক্রান্ত সংখ্যা ১৪ জনে দাঁড়াল। এদের মধ্যে এক প্রতিবন্ধী শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আরএ/এসএইচ




