চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর দুইটায় নগরের মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এ.কে.এম. ফজলুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ব্যবস্থাপক পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের হাসপাতাল পরিচালক ডা. আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতাল লিমিটেডের পরিচালক মো. আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়্যাল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহিদুল আলম, পিপলস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুভাস কুমার সূত্রধর, সংগঠনের অফিস সম্পাদক ও পিয়ারলেস ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের ডা. কে. এম. হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেনসহ সংগঠনের সদস্যরা।
সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে সাজিনাজ হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়াই ‘ভুল চিকিৎসাজনিত শিশু মৃত্যু’ শিরোনামে একপাক্ষিক তথ্য প্রচারের বিষয়টি আলোচনায় আসে। এতে সংশ্লিষ্ট হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক সমাজ এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




