চট্টগ্রামে রেল পুলিশের হাতে ইয়াবাসহ এক ট্রেনযাত্রী আটক হয়েছেন। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারির নাম ইসমাইল হোসেন। তিনি দিনাজপুরের মনিরামপুর এলাকার আবুল কালামের ছেলে।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালায় রেল পুলিশ। ট্রেনে ইসমাইলকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন এসআই বিশ্বজিৎ ও কনস্টেবল শামীম। ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
চট্টগ্রাম গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি রফিকুল হাসান জানান, আসামি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। গোপন খবর পেয়ে ইয়াবাসহ আসামিকে আটক করা হয়েছে। চট্টগ্রামের রেল পুলিশের হাতে ধরা এটি সবচেয়ে বড় ইয়াবার চালান।
আসামি আটকের পর জিআরপি থানা পরিদর্শন করেন রেল পুলিশ সুপার তহুরা জান্নাত।
জেএস/ডিজে




