কক্সবাজারের প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) রানিং ও এক্স-ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিলনমেলা ‘ক্যাডেট ব্রিজ ২০২৬’।

গত ৩০ মে কক্সবাজার এক্স-ক্যাডেট এলায়েন্সের (কেকা) উদ্যোগে দীর্ঘতম সমুদ্র সৈকত তীরবর্তী ইউনি রিসোর্টের মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক্স-ক্যাডেট জনাব এসএম আক্তার উদ্দিন চৌধুরী এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এক্স-ক্যাডেট গিয়াস উদ্দিন জিকু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্স-ক্যাডেট সার্জেন্ট মঈন উদ্দীন রাকিব, এক্স-কর্পোরাল আসিফা বিনতে রিমু এবং এক্স-সিইউও মাহমুদুল হাসান সজিব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘ক্যাডেট ব্রিজ’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও এক্স-সিইউও আরিফুর রহমান আজাদ।
অনুষ্ঠানের সভাপতিকে বিএনসিসির ঐতিহ্যবাহী দরবার উপস্থাপন করেন অনুষ্ঠানের আরএসএম ও এক্স-সিইউও শাহ আহমদ উল্লাহ আল মোমেন এবং অ্যাডজুট্যান্ট ও এক্স-সিইউও শাহেদুল ইসলাম রায়হান।
এ আয়োজনে কক্সবাজার জেলার বিভিন্ন কলেজের বিএনসিসি’র সেনা, নৌ ও বিমান শাখার রানিং এবং এক্স-ক্যাডেটদের পাশাপাশি ইউনিভার্সিটি ট্রেনিং কোর (ইউটিসি), ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর (ইউওটিসি), জুনিয়র ক্যাডেট কোরের (জেসিসি) সদস্য এবং চট্টগ্রাম, কুমিল্লা, বিভিন্ন জেলার বর্তমান ও সাবেক ক্যাডেটরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সচেতনতামূলক র্যালি, ক্যাম্পজীবনের স্মৃতিচারণ, সিইউও মিট-আপ, সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফটোসেশন এবং আপ্যায়নসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার এক্স-ক্যাডেট এলায়েন্স (কেকা)-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের মূল লক্ষ্য হলো বিএনসিসির ঐতিহ্য, একতা, ভ্রাতৃত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্ববোধকে সমুন্নত রেখে কক্সবাজারের সার্বিক উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে অবদান রাখা। ‘ক্যাডেট ব্রিজ ২০২৬’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




