কক্সবাজারে পুরোহিতকে পুড়িয়ে হত্যা, দোষীদের গ্রেপ্তারের দাবি জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির

উপজেলা পূজা উদযাপন পরিষদের নিন্দা

কক্সবাজারের খুরুশকুলে নয়ন সাধুকে হত্যা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের খুরুশকুলের গহীন জঙ্গলে আধপোড়া এবং গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় নয়ন সাধুর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। গণতান্ত্রিক দেশে একজন হিন্দু সাধুকে হত্যার ঘটনা দেশের সনাতনী সমাজকে শংকিত ও আতংকিত করছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে।

ইতোমধ্যে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ এগিয়ে নিতে চান। কিন্তু তার দায়িত্বে থাকাকালীন এ রকম সাম্প্রদায়িক ঘটনা আমরা কোনোভাবে কামনা করি না। আমরা মনে করি, তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিবেন।

এদিকে একই ঘটনায় পৃথক এক বিবৃতি দিয়েছেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক দোলন ধর। তারা নয়ন সাধু হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নিন্দা

নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ।
কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ৩ দিন আগে নিখোঁজ হওয়ার পর বুধবার খুরুশকুলের গহীনে জঙ্গলে নৃশংসভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। তার শরীরের অবস্থা দেখলে বুঝা যায়, তাকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। আর কত হিন্দু হত্যার দৃশ্য আমাদের দেখতে হবে? দেশের নাগরিক হিসেবে জান মালের নিরাপত্তা পাব? একজন সাধুকে এভাবে হত্যা কখনো মেনে নেওয়া যায় না। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, আমরা এসব অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে চাই। বর্তমান সরকারের কাছে সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই এবং মঠ মন্দির, হিন্দুদের জায়গা জমি ও ব্যবসার নিরাপত্তা চাই।

ksrm