কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিকতার পথিকৃৎ আহমদ গিয়াস আর নেই

কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিকতার পরিচিত মুখ আহমদ গিয়াস আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরতলীর বড়ছড়া দরিয়ানগর এলাকায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি এই জ্যেষ্ঠ সাংবাদিক। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

আহমদ গিয়াস সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আহমদ গিয়াস। এ সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞানের ছাত্র আহমদ গিয়াসের মেধা ও মননের পরিচয় মিলেছিল ছাত্রজীবনেই। স্কুল ও কলেজে পড়ার সময় দেয়ালিকা প্রকাশনা এবং বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। পরে পেশাদার সাংবাদিকতায় যুক্ত হয়ে সমুদ্র, জীববৈচিত্র্য, পাখি ও পরিবেশ নিয়ে অনুসন্ধানমূলক ও গবেষণাধর্মী প্রতিবেদন তৈরিতে মনোযোগ দেন তিনি।

বিশেষ করে বঙ্গোপসাগর ও কক্সবাজারের সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে তাঁর গভীর জ্ঞান, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও তথ্যনির্ভর প্রতিবেদন তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। প্রচলিত সংবাদ পরিবেশনের বাইরে গিয়ে বিষয়ভিত্তিক গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে কক্সবাজারের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতিবিষয়ক নানা অনুসন্ধানেও আগ্রহ ছিল আহমদ গিয়াসের। সমুদ্র উপকূলের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রকৃতির নানা পরিবর্তন নিয়ে তাঁর প্রতিবেদন পাঠকদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

জীবনের শেষ দিনগুলোতে কক্সবাজার শহরতলীর দরিয়ানগর এলাকায় অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আহমদ গিয়াসের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ চকরিয়া উপজেলার খুটাখালীতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

আহমদ গিয়াসের আকস্মিক মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ksrm