কক্সবাজারে যুব ক্রিকেট লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোচ শাহনেওয়াজ শানু। খবর পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) যুব ক্রিকেট লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রমে দায়িত্ব পালনের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহনেওয়াজ শানু।
জানা গেছে, কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়ুথ ক্রিকেট লিগ চলাকালে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের খেলোয়াড় বাছাই কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন শানু। এ সময় হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোচের অসুস্থতার খবর পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন। পরে চট্টগ্রাম বিভাগীয় দলের ফিজিও ডা. আবু হানিফের তত্ত্বাবধানে তাকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে কোচ শানুর চিকিৎসা চলমান রয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
শাহনেওয়াজ শানু রাজশাহী বিভাগের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় বাছাইয়ের জন্য তিনি সিলেক্টর হিসেবে কক্সবাজারে যান।




