কক্সবাজারে অভিনেতা জোভান ও তার স্ত্রী দুর্ঘটনার কবলে, হাত-পায়ে আঘাত

কক্সবাজারের মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। দুর্ঘটনার পর ঢাকায় ফিরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

জোভান জানান, গত ১১ জুন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি এলাকায় স্কুটি চালাচ্ছিলেন তিনি। পেছনে বসেছিলেন তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। পথে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ ইউটার্ন নেয়। সংঘর্ষ এড়াতে জরুরি ব্রেক করতে গিয়ে দুজনই রাস্তায় ছিঁটকে পড়ে যান।

ঈদের পর কাজের ব্যস্ততা কমিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। স্ত্রীকে নিয়ে ভ্রমণের সেই আনন্দময় মুহূর্তই হঠাৎ রূপ নেয় দুর্ঘটনায়।

দুর্ঘটনায় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হাত-পা ছিলে যায় এবং বেশ কয়েকটি স্থানে জখম হয়। পরদিন ঢাকায় ফিরে চিকিৎসা শুরু করেন তারা। বর্তমানে নিয়মিত ড্রেসিং ও চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

জোভান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন পুরোপুরি বিশ্রামে আছি। এই অবস্থায় কোনো শুটিং রাখিনি। যেসব কাজের সূচি ছিল, সেগুলোও বাতিল করেছি।

দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান এই অভিনেতা। তার ভাষায়, আমরা অনেক সময় ভাবি একটু বেশি গতিতে চালালে সমস্যা হবে না। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে, তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা পুরো জীবন বদলে দিতে পারে।

এএইচ/ডিজে

ksrm