কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুনুর রশিদ। একইসঙ্গে বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জানা গেছে, কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মামুনুর রশিদ এর আগে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালন করেছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে বরগুনার জেলা প্রশাসক মুন্তাইন বিল্লাহকে নারায়নগঞ্জ, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক উপ-সচিব মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব হাবিবুর রহমানকে বরগুনা, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এএনএম ফয়জুল হককে বাগেরহাট, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব বেগম অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক উপ-সচিব জসিম উদ্দিন হায়দারকে বরিশাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব উপ-সচিব বেগম ইয়াসমিন পারভীন তিবরিজিকে বান্দরবান ও মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এএইচ



