দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা এক যাত্রীর অন্তর্বাসে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুসার (৩৩)। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখে সিআইআইডি।
পরে বিমানবন্দরের কাস্টমস হলে সিআইআইডি, ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস হাউসের সমন্বিত অভিযানে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট এবং পাঁচটি স্বর্ণের চুড়িসহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, অভিযানে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম বা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
অভিযানে স্বর্ণের পাশাপাশি যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪, বাংলাদেশ ব্যাংকের এফই সার্কুলার-০৬ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এএইচ/ডিজে




