এক লাখ গাছের কর্মসূচির অংশ হিসেবে সিআরবিতে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম নগরের সিআরবি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে ক্লাবের সদস্যরা ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের পাস্ট প্রেসিডেন্ট এবং রিপসা (টিআরএফ) টিমের কো-অর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান বলেন, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের মাধ্যমে জুলাই মাসজুড়ে দেশব্যাপী এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ এ বৃক্ষরোপণ কার্যক্রমকে চলমান উদ্যোগ হিসেবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিচালনা করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস, মো. একরামুল হুদা, অহিদুল ইসলাম অয়ন, এমএ হান্নান, ফজলের রাব্বি সিনান, মুহাম্মদ মুজাহিদ হাসান (রোটাকিডস), মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, মো. রেদুয়ানুল করিম তুষার, মো. আব্দুল কাদের বিপ্লব ও কাজী হাসানুজ্জামান শান্টুসহ ক্লাবের অন্যান্য সদস্য।

এ ছাড়া রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা নিশাত রিপা, মো. আজহারুল হক শাকিল, সামিদ মাহমুদ তুষার, আফসারুল আমিন রাফি, মো. আশিকুর রহমান, মোছা. আশরাফুন নেসা এবং ক্লাবের অন্যান্য সদস্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রোটারিয়ানরা পরিবেশ সংরক্ষণে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ksrm