এই দেশ আমার আপনার সবার, পটিয়ায় মহালয়ার বস্ত্র বিতরণীতে এমপি এনাম

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে এসেছে মহালয়া। দেবীপক্ষের সূচনাকে ঘিরে চট্টগ্রামের পটিয়ায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, মহালয়া শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও প্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন পরিণত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার মিলনমেলায়।

শনিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে এ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে মহালয়ার তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশ আমার, আপনার, সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব এখন আর নেই, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রতীক। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবগুলো যেন আনন্দ, শান্তি ও সৌহাদের্যর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও আচার অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং ভক্তদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও প্রস্তুতি নতুন মাত্রা পায়। শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবী দুর্গার আবাহন এবং মঙ্গলকামনার মধ্যদিয়ে ভক্তরা দেবীর আগমনী বার্তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য। শুভ উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।

পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল ও সুকান্ত তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন দেবাশীষ দাশ, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও ইউপি সদস্য উত্তম দে।

এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বস্ত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ আস্বাদনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানবিক উদ্যোগ ও সম্প্রীতির বার্তায় আয়োজিত এ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পটিয়ায় উৎসবমুখর পরিবেশের সূচনা করে।

ডিজে

ksrm