এইচএসসি: চট্টগ্রাম নগরে কমেছে ১২ হাজার পরীক্ষার্থী, বেড়েছে উপজেলায়

চট্টগ্রাম মহানগরে এক বছরের ব্যবধানে এইচএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় ১২ হাজার, যার বেশিরভাগই ছাত্রী। তবে একই সময়ে নগরের বাইরে উপজেলার কলেজগুলোতে পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৮২৪ জন। এ পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ২৮৭ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার বোর্ডের অধীনে পাঁচ জেলায় মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। অর্থাৎ এক বছরে পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ২৮৭ জন।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে চট্টগ্রাম মহানগরে। গত বছর মহানগরে ৪৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী থাকলেও এবার তা নেমে এসেছে ৩৬ হাজার ৬৮৩ জনে। ফলে নগরে পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ছাত্র কমেছে ৪ হাজার ৯৯৯ জন এবং ছাত্রী কমেছে ৬ হাজার ৭৯৮ জন।

অন্যদিকে নগরের বাইরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৮২৪ জন। এর মধ্যে ছাত্র বেড়েছে ৩ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী বেড়েছে ৬ হাজার ৮৩০ জন। ফলে পুরো চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষার্থী কমেছে মাত্র ৯৭৩ জন। এ বছর জেলায় পরীক্ষার্থী ৭০ হাজার ৯৭৪ জন, যা গত বছর ছিল ৭১ হাজার ৯৪৭ জন।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৩ হাজার ১৮২ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৫০৬ জন। গত বছর ছাত্র ছিলেন ৪৫ হাজার ৯৯০ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৯৮৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এবার শুধু বিজ্ঞান বিভাগেই পরীক্ষার্থী বেড়েছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২২ হাজার ৬৮৬ জন থেকে বেড়ে ২৩ হাজার ৯০৩ জনে পৌঁছেছে। বিপরীতে মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জন থেকে কমে ৪৪ হাজার ২৩৮ জনে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩ হাজার ৫৭০ জন থেকে কমে ৩১ হাজার ৫৩৯ জনে নেমেছে।

জেলাভিত্তিক হিসেবে কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। গত বছর ছিল ২৭৭টি কলেজ ও ১১৫টি কেন্দ্র। অর্থাৎ কলেজ বেড়েছে ৬টি, তবে কেন্দ্র কমেছে একটি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া তদারকির জন্য ১৫টি সাধারণ ও ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম, মোট ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

এএইচ/ডিজে

ksrm