এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে আবারও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা খেলো এইচএসসি পরীক্ষার্থী। নকল করার অপরাধে কেন্দ্র পরিদর্শক মুঠোফোন জব্দসহ তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৯ জুলাই) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার পর লুকিয়ে সেটির ছবি তুলে মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপে দিয়ে উত্তর খাতায় লিখছিল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এক শিক্ষার্থী। পরে কেন্দ্র পরিদর্শকের কাছে ধরা পড়লে মুঠোফোন সঙ্গে রাখা এবং নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নগরীর একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মুঠোফোন নিয়ে হলে প্রবেশ করে। তিনি মুঠোফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করছিলেন। পরে তাকে বহিষ্কার করা হয়। মুঠোফোনটিও জব্দ করা হয়েছে।

বুধবার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা ছিল

এর আগে সোমবার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এআই ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা খেয়ে বহিষ্কৃত হন মানবিক বিভাগের শিক্ষার্থী।

বুধবার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন। চট্টগ্রাম জেলায় অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২০২ জন। এছাড়া কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙামাটিতে ১০৯ জন ও বান্দরবানে ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরএ/ডিজে

ksrm