চট্টগ্রামে বন্যায় এইচএসসির স্থগিত পরীক্ষা শুরুর প্রথম দিনেই কেন্দ্রে মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয় মুঠোফোনটিও।
সোমবার (২৭ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে অধ্যয়ন করেছেন।
জানা গেছে, পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র হাতে পেয়ে গোপনে সেটির ছবি তুলে এআই অ্যাপে দেয়। ওই অ্যাপ থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি এলে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নগরীর একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মুঠোফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করছিলেন। তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে এবং তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
বেশ কিছুদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত থাকার পর সোমবার থেকে আবারও শুরু হয়। এদিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সোমবার চট্টগ্রামের ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন।
আরএ/ডিজে




