কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা আট দিন ধরে জ্বলছে। এখনও পর্যন্ত নেভানো যায়নি, বরং বেড়েছে আগুনের তীব্রতা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও পেট্রোবাংলাও এখন আর আগুন নেভানোর উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, আগামী ১৫ দিন আগুনের শিখা ও গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে গ্যাসের নির্গমন বন্ধ করতে বিকল্প কূপ বা রিলিফ কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে।
তাদের ধারণা, গ্যাসের উৎস ও প্রবাহের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত না হয়ে আগুন নেভানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ কারণে আপাতত বৈজ্ঞানিক পর্যবেক্ষণকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
অপরদিকে আগুনের প্রচণ্ড তাপের কারণে মূল নির্গমনস্থল থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে গ্যাসের রাসায়নিক উপাদান এবং এর সঙ্গে তেল বা কনডেনসেট রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে থেকে অব্যাহতভাবে জ্বলেই যাচ্ছে এই আগুন। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে মানুষের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। টানা আগুন জ্বলতে থাকায় ইনানী ছোট খাল ও শফিরবিল এলাকার প্রায় ৪০০ পরিবারের জনজীবনেও উদ্বেগ দেখা দিয়েছে।
নেভানোর আগে পর্যবেক্ষণে গুরুত্ব
বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এসএম নাফিফুন আরহামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কয়েক দিন ধরে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এরই পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব।তার সঙ্গে ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্যাস জ্বলতে দেওয়াই যুক্তিযুক্ত হতে পারে। তবে নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রথমে সাত দিন পর্যবেক্ষণের পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্যাসের নির্গমন অব্যাহত থাকলে বিকল্প হিসেবে রিলিফ কূপ খননের মাধ্যমে ভূগর্ভে সিমেন্ট পাম্প করে গ্যাসের প্রবাহ বিচ্ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করা প্রয়োজন।
বাপেক্সের সহকারী ব্যবস্থাপক ইমামুল ইসলাম রোকন বলেন, গ্যাস শনাক্ত করতে ডিটেক্টর নিয়ে ঘটনাস্থলে পরীক্ষা চালানো হয়েছে। পাশাপাশি আশপাশের অন্য কোনো স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে কি না, তা-ও পরীক্ষা করেছে বাপেক্সের প্রোডাকশন ফিল্ডের একটি দল। তবে আগুনের কারণে মূল নির্গমনস্থলে গ্যাস শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের অন্য স্থানগুলোতেও গ্যাস নির্গমনের অস্তিত্ব পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুনের প্রচণ্ড তাপের কারণে মূল উৎসের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। প্রায় ২০ থেকে ২৫ ফুট দূর থেকেও তীব্র তাপ অনুভূত হচ্ছে। এ অবস্থায় আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া বিকল্প পদক্ষেপ নেওয়া বেশ কঠিন।
অগভীর গ্যাসের মজুত থেকেই আগুন?
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস ভূগর্ভের একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার। দেশে সাধারণত ভূগর্ভের দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাসের মজুত পাওয়া যায়। তবে ইনানীর ক্ষেত্রে গ্যাসের উৎস ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন বলেও জানান তিনি।
তিনি বলেন, পেট্রোবাংলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কয়েকজন মহাব্যবস্থাপকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নির্গত গ্যাসের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে গ্যাসটি থার্মোজেনিক ও বায়োজেনিক দুই ধরনের বৈশিষ্ট্যের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের শিখার কালো রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।
মো. শোয়েব জানান, ঘটনাস্থলের আগুনের শিখা পর্যবেক্ষণ করে তা ক্রমেই বাড়ার তথ্য পাওয়া গেছে। আগামী ১৫ দিন শিখার উচ্চতা ও গ্যাসের প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপরও আগুনের তীব্রতা না কমলে রিলিফ কূপ খননের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে বিকল্প কূপের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হতে পারে। তবে পর্যবেক্ষণের সময় গ্যাসের প্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আশপাশের কয়েকটি ভূতাত্ত্বিক স্তর থেকেও গ্যাস জ্বলতে দেখা গেছে। ভূগঠনের পরিবর্তনের কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে ওই এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।
তেল থাকার সম্ভাবনা
ইনানীর ঘটনায় গ্যাসের সঙ্গে তেলজাতীয় তরল পদার্থ বা কনডেনসেট থাকার সম্ভাবনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে আগুনের শিখার রং কিংবা ধোঁয়ার ধরন দেখে এর উপস্থিতি নিশ্চিত করা যায় না। এজন্য গ্যাসের রাসায়নিক বিশ্লেষণ ও ভূতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিফুন আরহাম বলেন, সেখানে প্রায় এক হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছিল। খননের সময় গ্যাসের উপস্থিতি বোঝা যায়নি। পরে ২৭ অক্টোবর থেকে ভূগর্ভস্থ গ্যাসের অস্তিত্ব অনুভূত হতে শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।
তার ধারণা, প্রাকৃতিক গ্যাসে সাধারণত মিথেনের পাশাপাশি ইথেন, প্রোপেন, বিউটেন ও পেন্টেনের মতো হাইড্রোকার্বন থাকতে পারে। তবে ইনানীর গ্যাসে কী কী উপাদান রয়েছে, তা পরীক্ষাগারে বিশ্লেষণ ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। আগুনের রং ও ধোঁয়ার ধরন দেখে উচ্চতর হাইড্রোকার্বনের উপস্থিতির সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
প্রকৌশলী সাইফুল ইসলামের মতে, ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক গ্যাস ও তেল একই হাইড্রোকার্বন ব্যবস্থার অংশ হতে পারে। থার্মোজেনিক গ্যাসের সঙ্গে কনডেনসেট বা অন্যান্য তরল হাইড্রোকার্বনও পাওয়া সম্ভব। তবে ইনানীতে কী ধরনের সম্পদ রয়েছে, তা জানতে রাসায়নিক পরীক্ষা ও ভূতাত্ত্বিক অনুসন্ধানের বিকল্প নেই।
তার মতে, এখন মূল প্রশ্ন হলো, এটি কেবল স্থানীয়ভাবে আটকে থাকা গ্যাসের মজুত, নাকি বৃহত্তর কোনো হাইড্রোকার্বনসমৃদ্ধ ভূগর্ভস্থ স্তরের অংশ। এখন পর্যন্ত সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস বা তেলের মজুত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র ইনানীতে রয়েছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও পর্যটন অবকাঠামো। ফলে ভূগর্ভে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস বা তেলের মজুত পাওয়া গেলে জ্বালানি সম্ভাবনার পাশাপাশি পরিবেশ ও পর্যটনশিল্পের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে অনুসন্ধান বা উত্তোলন কার্যক্রম শুরু হলে ভারী যন্ত্রপাতির ব্যবহার, খননকাজ, শব্দদূষণ, গ্যাস নির্গমন ও অগ্নিঝুঁকি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে পর্যটন অবকাঠামো ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে গ্যাসের মজুত পাওয়া গেলেই হোটেল-রিসোর্ট বন্ধ বা স্থানান্তর করতে হবে, এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিষয়টি নির্ভর করবে অনুসন্ধান এলাকার অবস্থান, নিরাপত্তা দূরত্ব ও পরিবেশগত মূল্যায়নের ওপর।
অপরদিকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস বা তেলের মজুত নিশ্চিত হলে জাতীয় জ্বালানি নিরাপত্তা, শিল্পকারখানা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি অনুসন্ধান, প্রকৌশল, অবকাঠামো উন্নয়ন ও পরিবহন খাতেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
প্রশাসনের তৎপরতা
গ্যাসের আগুনের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদারও দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বিষয়টি কারিগরি, প্রযুক্তিগত ও গবেষণাসংশ্লিষ্ট। তাই বাপেক্স ও পেট্রোবাংলার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ইনানীর ভূগর্ভে গ্যাসের উপস্থিতি নতুন অনুসন্ধানের সম্ভাবনা তৈরি করলেও এখনো এর প্রকৃত উৎস, উপাদান ও মজুতের পরিমাণ অজানা। ফলে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বৈজ্ঞানিক অনুসন্ধানও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে গ্যাসের প্রবাহ ও আগুনের পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে বাপেক্স ও পেট্রোবাংলা।
এনএইচ




