উখিয়ায় ৪০ ঘণ্টায়ও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে তীব্রতা, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮০০ পরিবার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৪০ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরও নেভানো যায়নি। এর মধ্যে আগুনের তীব্রতা আরও বেড়েই চলেছে।
এ ঘটনার পর ইনানী থেকে মনখালী হয়ে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় ৩ হাজার ৮০০ পরিবার। আগুনের উৎস ও গ্যাসের প্রকৃতি শনাক্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভূগর্ভ থেকে অনবরত গ্যাস বের হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে জনসমাগম সীমিত করার উদ্যোগ নেয় প্রশাসন। এর আগে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বাপেক্সের বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ভূগর্ভের উচ্চচাপের গ্যাস কোনো ফাটল বা দুর্বল স্তর দিয়ে ভূপৃষ্ঠে উঠে আসছে। গ্যাসে উচ্চতর হাইড্রোকার্বন থাকতে পারে বলেও মনে করেন তারা। তবে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পরই এর প্রকৃত উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিকুন আরহাম বলেন, আগুনের শিখা ও ধোঁয়ার ধরন দেখে গ্যাসে উচ্চতর হাইড্রোকার্বনের উপস্থিতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতেও প্রয়োজন পরীক্ষাগারে বিশ্লেষণ।

তিনি বলেন, গ্যাসের চাপ বেশি থাকায় মাটি বা বালু দিয়ে জোর করে নির্গমন বন্ধ করলেও গ্যাস অন্য স্থান দিয়ে বের হওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাসের চাপ ও নির্গমনের মাত্রা বিশ্লেষণ না করে আগুন কত দিন জ্বলবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বাপেক্সের অনুসন্ধান বিভাগের উপমহাব্যবস্থাপক জেবুন নাহার বলেন, মঙ্গলবার থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে। গ্যাসের নমুনা ঢাকায় বাপেক্সের পরীক্ষাগারে নিয়ে বিশ্লেষণ করা হবে। এক থেকে দুই দিনের মধ্যে পরীক্ষার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আগুনের সূত্রপাত যেভাবে

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে ছোট ব্রিজসংলগ্ন মো. আবদুল্লাহর বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ শুরু হয়। জমির মালিক মোহাম্মদ আবদুল্লাহ জানান, প্রায় ১৫ দিন আগে খননকাজ শুরু হয়। এক সপ্তাহ খনন করেও পানি না পাওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়। পরে খনন করা স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে পাশের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নেভানো সম্ভব হয়নি। ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস বের হওয়ায় পানি ও বালি ছিটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, পাইপলাইনের গ্যাস হলে ভালভ বন্ধ করে নির্গমন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। কিন্তু এখানে ভূগর্ভ থেকে উচ্চচাপে গ্যাস বের হওয়ায় স্বাভাবিক পদ্ধতিতে আগুন নেভানো যাচ্ছে না।

২০০ মিটার এলাকায় জনসমাগমে নিষেধাজ্ঞা

আগুনের ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে জনসমাগম না করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় আশপাশে থাকা বসতবাড়ির বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণ ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নিচে আগুন জ্বলতে থাকায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না, তা যাচাই করতে বাপেক্সের বিশেষজ্ঞ দলকে ইতোমধ্যেই ডাকা হয়েছে তবে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা খালি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়াও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা কাজ করছেন।

বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

আগুনের কারণে ৩৩ কেভি মূল বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেওয়ায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কাইজার নূর বলেন, বাপেক্সের পরামর্শ অনুযায়ী বিকল্প পথে প্রায় ৩০০ মিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কাজ দ্রুত শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশা করা হচ্ছে। এতে প্রায় চার হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন।

এদিকে গ্যাসের উৎস ও প্রকৃতি শনাক্তে নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এনএইচ

ksrm