উখিয়ায় আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন-আরসার শীর্ষ কমান্ডার জাহিদ হোসেন ওরফে লালু।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্প-১ (ওয়েস্ট) সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় লালুর কাছ থেকে ১টি ফাইভ স্টার পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও আধিপত্য বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। আরসার একজন সক্রিয় কমান্ডার হিসেবে তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লকে অপরাধমূলক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন।

আরসার সাবেক প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড, সহিংসতা ও অস্ত্রের চালানে লালুর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গ্রেপ্তার আসামি লালুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একইসঙ্গে তার সহযোগী, অস্ত্র সরবরাহকারী এবং আরসার সক্রিয় সদস্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

ডিজে

ksrm