ঈদের আনন্দ পরিবার নিয়ে উদযাপন করতে গ্রামের পথে বের হচ্ছেন শহরবাসী। ঘরবাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর-ডাকাতের উপদ্রবও বেড়েছে। এই পরিস্থিতি রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মঙ্গলবার (১৭ মার্চ) ১৯ দফা নিরাপত্তা নির্দেশনা জারি করেছে এবং বিশেষ হটলাইন নম্বর চালু করেছে।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘরমুখো মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তবে নাগরিকদের সচেতনতা নিশ্চিত করতে বাসাবাড়ি ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহারসহ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোতে বলা হয়েছে, বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নতমানের অতিরিক্ত তালা ব্যবহার করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী ফাঁকা বাসায় রেখে যাওয়া যাবে না। সিসিটিভি ক্যামেরা ও এলার্ম সিস্টেমসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সকল ক্যামেরা সচল আছে কি না পরীক্ষা করা জরুরি। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে এবং নতুন কর্মীদের এনআইডি ও ছবি সংরক্ষণ করতে হবে।
বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার বা থানাকে অবহিত করা উচিত। বাসাবাড়ি, ব্যাংক-বীমা ও বিপণি-বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সতর্ক থাকা এবং তদারকি করা আবশ্যক। অফিসে সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে ছুটি না নিয়ে অংশ ভাগ করে দায়িত্ব পালন করবেন। আর্থিক প্রতিষ্ঠান ও ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োজিত রাখতে হবে।
রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে। মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে রাখুন, প্রয়োজনে ব্যাংক লকার ব্যবহার করুন। ভাড়াটিয়ারা আগেই মালিককে বাসায় না থাকার বিষয়টি জানাবেন। গ্যারেজ ও জানালার পাশে থাকা গাছের অবাঞ্ছিত শাখা কেটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি বা থানাকে অবিলম্বে জানাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং না করা, ভ্রমণে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতার বিষয়ে সতর্ক থাকা।
সিএমপি জানিয়েছে, জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পাশাপাশি হটলাইন নম্বর ০১৩২০-০৫৭৯৯৮ ও ০১৩২০-০৫৭৯৯৯-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।




