ঈদে প্রেমের নতুন সুর, হাসান জাহাঙ্গীরের ‘মনের মানুষ’

ঈদুল ফিতরের আনন্দঘন সময়কে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাসান জাহাঙ্গীর। ‘মনের মানুষ’ শিরোনামের একটি রোমান্টিক গান নিয়ে তিনি হাজির হচ্ছেন এবারের ঈদে। প্রেম, আবেগ ও হৃদয়ের কোমল অনুভূতির মিশেলে নির্মিত এই গানটি শ্রোতাদের মনে ভালোবাসার মুগ্ধকর আবেশ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে নতুন গান প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখছেন এই নন্দিত শিল্পী। আধুনিক বাংলা গানের ধারা অনুসরণ করে প্রেমের গভীরতা তুলে ধরতে ‘মনের মানুষ’ গানটির কথা ও সুর নিজেই করেছেন হাসান জাহাঙ্গীর।

গানটির আরেকটি বিশেষ আকর্ষণ থাকছে এর দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। এতে হাসান জাহাঙ্গীরের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইরা রহমান। গাজীপুরের শ্রীপুর উপজেলার মনোরম প্রাকৃতিক লোকেশনে ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে। রোমান্টিক আবহ ও হৃদয়স্পর্শী অভিনয়ের সমন্বয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আলামিন হোসাইন।

গানটি নিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, ‘সুর ও কথার আবেগকে সামনে রেখে খুব যত্ন নিয়ে গানটি ও এর ভিডিও নির্মাণ করা হয়েছে। মনোহর লোকেশন এবং রোমান্টিক গল্প—সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এটি আমার ঈদের বিশেষ উপহার। আশা করছি, প্রতিবারের মতো এবারও সবাই গানটি সাদরে গ্রহণ করবেন।’

জানা গেছে, আসন্ন ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ‘মনের মানুষ’ গানটি Hasan Jahangir Productions–এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ দেশের শীর্ষস্থানীয় সব ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে।

ksrm