ঈদের রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের এক পাশে পড়ে আছে চার চাকার লেগুনাটি। এর সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। স্থানীয় লোকজন আহতদের লেগুনার ভেতর থেকে বের করে আনছেন।
জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১১-০১১৬) উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনা (চট্টগ্রাম-ছ-১১-০১১৫)-কে সজোরে ধাক্কা দেয় বাসটি। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় লোকজন জানান, পটিয়াগামী একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে বাকি ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করেছে পুলিশ। তবে দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন।




