চট্টগ্রামের হাটহাজারীতে ঈদের জামা কেনা নিয়ে ভাইয়ের সঙ্গে মনোমালিন্যের জেরে মুন্নি আক্তার নামে এক কিশোরী গলায় দড়ি দিয়েছে। পুলিশ সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ফটিকা এলাকার একটি ভাড়া বাসার নিচতলার কক্ষে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় মুন্নি আক্তার। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা এবং পাশের ভাড়াটিয়া জাফর পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক জমির ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে মুন্নিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে উদ্ধার করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নিহত মুন্নি আক্তার (১৭) উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুর ও মোনোয়ারা বেগমের ছোট মেয়ে।
পরিবারের সদস্যদের জানান, ঈদের নতুন কাপড় কেনা নিয়ে পরিবারের সঙ্গে অভিমান এবং ভাইয়ের ল্যাপটপ নেওয়া নিয়ে মনোমালিন্যের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এএইচ/ডিজে




