চট্টগ্রামের সাতকানিয়ায় ৩০ হাজার ইয়াবা জব্দের পর তা আত্মসাতের অভিযোগ উঠেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন—এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মো. মহসিন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রশাসনিক কারণে পুলিশ সুপার তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দিয়েছেন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে ইয়াবা সরিয়ে ফেলার অভিযোগের কথা জানা গেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। মূলত তদন্তের স্বার্থেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকা থেকে দুই সোর্সের সহায়তায় একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরাণীহাট এলাকার একটি সিএনজি স্টেশনে নেওয়া হয়। সেখানে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তবে অভিযোগ উঠেছে, ওই ইয়াবা জব্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত না করে আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এএইচ




