ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, মাদকাসক্ত যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করেছে এক মাদকসেবী। এতে ওই শিক্ষকের গালের নিচের অংশ ফেটে যায়।

আহত শিক্ষকের নাম মোজাহিদুল ইসলাম (৪১)। তিনি নগরীর ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বুধবার (২৩ এপ্রিল) ওই স্কুলের ভবনের পেছনে এই ঘটনা ঘটে।

ইভটিজিংয়ের ঘটনায় বৃহস্পতিবার রাজু নামে মাদকাসক্ত সেই যুবককে আটক করা হয়েছে। তিনি আকবরশাহর ফিরোজ শাহ এলাকার মৃত নজির আহমদের ছেলে ।

জানা গেছে, বুধবার ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে রাজু নামে এক মাদকসেবী কয়েকজন স্কুলছাত্রীকে ইভটিজিং করছিল। বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করে। এমন প্রতিবাদ করার ক্ষিপ্ত হয়ে রাজু শিক্ষককে ঘুষি মেরে রক্তাক্ত করে।

আহত ওই শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্ত রাজুর নামে আকবর শাহ থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ইভটিজিং করছিল রাজু নামে এক মাদকসেবী। প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে মারধরও করেন রাজু। এ নিয়ে শিক্ষক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

ksrm