চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইফতারের আগমুহূর্তে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী তাদের ছোট সন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৪ মার্চ) নগরের ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের মেয়ে। অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম পেশায় গাড়িচালক। তার স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রী চট্টগ্রাম নগরের দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জহিরুল ইসলাম ছুরি দিয়ে হালিমা আক্তারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর জহিরুল ইসলাম তাদের ছোট সন্তানকে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহম্মেদ বলেন, ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারছি না। তিনি বর্তমানে মন্ত্রীর প্রটোকলে রয়েছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী নিজেই স্ত্রীকে হত্যা করে সন্তানকে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।




