ইপিজেডে চীনা টেকনিশিয়ানের কক্ষ থেকে চুরি, হবিগঞ্জ থেকে উদ্ধার ডলার-টাকা

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এলাকার শিল্পপ্রতিষ্ঠান এক্সেলসিয়র সুজ লিমিটেডে কর্মরত এক চীনা টেকনিশিয়ানের কক্ষ থেকে ২ হাজার ৫০০ মার্কিন ডলার, দেড় লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ডেবিট কার্ডসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় প্রতিষ্ঠানের এক নারী কর্মচারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ইপিজেড থানার পুলিশ। পরে হবিগঞ্জে অভিযান চালিয়ে চুরি হওয়া টাকার একটি অংশ ও ডলার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই এক্সেলসিয়র সুজ লিমিটেডের অফিসের ভেতরে ‘চায়নিজ কাস্টমার’ নামে চীনা নাগরিকদের জন্য বরাদ্দ কক্ষ থেকে কারখানার টেকনিশিয়ান চীনা নাগরিক ওয়াং দুনয়ুনের ২ হাজার ৫০০ মার্কিন ডলার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ডেবিট কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়।

ভিডিও ফুটেজে শনাক্ত

ঘটনার পর কারখানার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির কর্মচারী মোছা. নাজিরা আক্তারকে চুরির ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করা হয়। তাঁর কর্মী পরিচিতি নম্বর ৩৩৪৭৫। নাজিরা আক্তারের বাড়ি হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার বারিক নগরে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানার মহসীন কলোনির কলসী দিঘীর পাড় বাঁশতলা এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় এক্সেলসিয়র সুজ লিমিটেডের এইচআর ম্যানেজার মো. শাকিল বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ১৯ জুলাই ইপিজেড থানায় পেনাল কোডের ৩৮১ ধারায় মামলা (নম্বর-১০) রুজু করা হয়।

হবিগঞ্জে অভিযান, উদ্ধার ডলার-টাকা

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার শিবপাশা এলাকার বারিক নগরে নাজিরা আক্তারের গ্রামের বাড়িতে অভিযান চালান। এ সময় ৯২ হাজার টাকা, ১ হাজার ৪১৭ মার্কিন ডলার এবং চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সিপি

ksrm