সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
অন্যদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ চট্টলার এই বীর সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিইউজে নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, দেশ মাতৃকার টানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য হয়ে রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের অন্যতম সারথী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তাঁরা। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
পরে ঢাকায় প্রথম, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় এবং মিরসরাইয়ে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। মিরসরাইয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।




