শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ও এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ইউসিটিসির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা ও অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব সুবিধা এবং দক্ষ জনবলের সমন্বয়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর জসিম উদ্দিন, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. জাহেদ হোসেন শরিফ। তিনি বলেন, ‘চট্টগ্রামের স্বনামধন্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।’
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, অভিমান ঘোষ দস্তিদারসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সমঝোতা স্মারকের মাধ্যমে ইউসিটিসি ও এপিক হেলথ কেয়ার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।




