ইউসিএলের চেয়ারম্যান রুহুল কুদ্দুস খান, আরও তিন পদে নতুন মুখ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় একসঙ্গে এসেছে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। চেয়ারম্যান পদে রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য নির্বাচিত করার পাশাপাশি নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব ফাইন্যান্স ও কোম্পানি সেক্রেটারি পদেও নতুন নিয়োগ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। গত ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইউসিএলের পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তাঁর এ দায়িত্ব গ্রহণ ২৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তাঁর নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছে। তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ইউসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আস্থা প্রকাশ করেছে পর্ষদ।

আরও তিন পদে পরিবর্তন

সভায় শাদমান সাদিকিনকে ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

এ ছাড়া শারমিন আক্তারকে ইউসিএলের কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউসিএলের ভাষ্য অনুযায়ী, নতুন এসব নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং পুরো প্রতিষ্ঠানজুড়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ।

ksrm