আশিয়াখালী খালে ব্রিজ বিলীন, বিচ্ছিন্ন পটিয়ার দুই গ্রাম

চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়নের নাপিতখালী এলাকায় ব্রিজ খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় দুই গ্রামের মানুষ বছরের পর বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাপিতখালী এলাকায় কয়েক বছর আগে খরস্রোতা আশিয়াখালী খালের পানির তোড়ে ব্রিজটি ধসে পড়ে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এরপর একাধিকবার সংস্কারের দাবি উঠলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীকে প্রতিদিনই ঝুঁকি নিয়ে অস্থায়ী পথ ব্যবহার করতে হচ্ছে।

এই সড়কটি ছিল এলাকার প্রধান যাতায়াত পথ। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং স্থানীয় হাট-বাজারে যাতায়াতের জন্য এটি ছিল একমাত্র ভরসা। বর্তমানে শিক্ষার্থীদের অনেক দূর ঘুরে যেতে হচ্ছে, কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো বা নৌকা ব্যবহার করছে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর আমরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছি। অসুস্থ রোগী হাসপাতালে নিতে গেলেও চরম দুর্ভোগ পোহাতে হয়।

এক অভিভাবক জানান, বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

এদিকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। উৎপাদিত ফসল বাজারে নিতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয় হাটে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।

আশিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসেম উদ্দিন জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশল অফিসে জানানো হয়েছে। বাজেট বরাদ্দের অপেক্ষায় রয়েছেন তারা। সাময়িকভাবে চলাচলের জন্য পুরাতন একটি ব্রিজের সরঞ্জাম এনে স্টিলের পাটাতন বসানো হলেও সেটিও এখন নষ্ট হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কমল কান্তি পাল বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজটি পুনঃনির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

এএইচ

ksrm