কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেছেন, আর যেন কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ ও ভোটাধিকারহীনতার জন্ম না হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। আপনাদের দোয়ার কারণে আল্লাহ নতুন জীবন দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারের চকরিয়া পৌর শহরের শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এই নতুন জীবন তিনি দেশের মানুষের সেবা, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার জন্য উৎসর্গ করেছেন। ভবিষ্যতে যেন আর কোনো মানুষকে ভোটাধিকার, গণতন্ত্র বা মানবাধিকারের জন্য জীবন দিতে না হয়—সেই ব্যবস্থাই গড়ে তোলা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একটি বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায়।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস মানেই অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই নির্ভয়ে ভোট দিয়ে ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানান তিনি।
জনসভায় চকরিয়া ও পেকুয়ার সব ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ঢল নামে। ধানের শীষের প্ল্যাকার্ড, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে নিয়ে নেচে-গেয়ে সভাস্থলে আসেন হাজারো মানুষ।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
এএইচ/ডিজে




