‘আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি’, বলেই মাটিতে লুটিয়ে পড়েন পারভেজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের দেড় মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ পারভেজ নামে এক যুবক। স্ত্রী চলে যাওয়ায় তিনি মানসিক অশান্তি ও হতাশায় ভুগছিলেন।

বিষপানের পরপরই পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে গিয়ে শেষবারের মতো ক্ষমা চেয়ে বলেন, ‘আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি’। এ কথা বলার পরপরই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ (২৮) উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানিটিলা এলাকার নুর আহমদ মুন্সীর বাড়ির মোহাম্মদ আলম সওদাগরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ধুমধাম করে পারভেজের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী বাপের বাড়ি চলে যান এবং অন্যত্র আশ্রয় নেন। এই ঘটনার পর থেকেই তীব্র মানসিক অশান্তি ও হতাশায় ভুগছিলেন পারভেজ। এর জের ধরে গত রোববার তিনি কীটনাশক পান করেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ ও পারিবারিক জটিলতার কারণে যুবকটি কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে জানা গেছে যুবকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। কীটনাশক খাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। লাশটি বর্তমানে পাঁচলাইশ থানায় রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএ/ডিজে

ksrm