আবুধাবির কাছে তারেক রহমানের বার্তা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কূটনৈতিক অঙ্গনে বুধবার (১ এপ্রিল) নীরব অথচ তাৎপর্যপূর্ণ এক বার্তা বিনিময়ে সামনে এসেছে ঢাকা–আবুধাবি সম্পর্কের নতুন ইঙ্গিত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা পাঠিয়েছেন, যেখানে দুই দেশের সম্পর্ক, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আবুধাবিতে এদিন অনুষ্ঠিত এক বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। কূটনৈতিক অঙ্গনে এটিকে সৌজন্য ও পারস্পরিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশ কীভাবে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে পারে, সে বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সমর্থন ও সংহতির অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর জবাবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের সম্পর্ককে আরও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ তাদের জন্য একটি বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের জনগণের কল্যাণ, পারস্পরিক স্বার্থ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ksrm