আনোয়ারায় লকডাউন হলো রোগীর সংস্পর্শে আসা ডাক্তারের বাড়িও

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ঔষখাইন গ্রামে এক ব্যক্তির শরীরে করোনা শনাক্তের পর তার সংস্পর্শে আসা প্রাথমিক চিকিৎসা দেওয়া পল্লী ডাক্তার প্রদীপ নাথের বাড়ি ও ঔষধের দোকানও লকডাউন করা হয়েছে। জানা গেছে ওই পল্লী চিকিৎসকেরও করোনা উপসর্গ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ঔষখাইন গ্রাম ও হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের ডাক্তারের ঔষুধের দোকান এবং বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

জানা যায়, ওই ব্যক্তি কিছুদিন আগেই বন্দর থেকে আসেন। চট্টগ্রাম বন্দরে থাকাকালীন জ্বর, সর্দি-কাশি বেশি হলে তাকে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হলে বুধবার (১৫ এপ্রিল) রাতে রিপোর্টে পজিটিভ আসে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে বন্দর থেকে বাড়িতে আসেন। প্রাথমিক চিকিৎসা নিতে যান উপজেলার হাইলধর গ্রামের তেকোটা গ্রামের পল্লী চিকিৎসক প্রদীপ নাথের কাছে। তার সংস্পর্শে আসায় পল্লী চিকিৎসকের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার ওষুধের দোকান ও বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘করোনা ব্যক্তির সংস্পর্শে আসা পল্লী চিকিৎসকেরও করোনা উপসর্গ দেখা দিয়েছে। তাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ঔষখাইন গ্রামের ঐ ব্যক্তি গ্রামে রয়েছে। শিঘ্রই মেডিকেল টিম এসে তাকে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাবে।’

এসএস

ksrm