চট্টগ্রামের আনোয়ারাসহ দুই জেলা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০০ কেজি গাঁজা ও ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতের অভিযানে র্যাব-৭ এসব মাদক উদ্ধার ও কারবারিদের আটক করে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ফেনী জেলার ফেনী সদর এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় থেকে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং ১ মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



