আনোয়ারায় পাওনা টাকার জেরে ছুরি মেরে যুবক খুনের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে ছুরির আঘাতে খুনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ আসামিকে ধরতে অভিযানে নামে।

গ্রেপ্তার আসামির নাম মো. গিয়াস উদ্দিন। তিনি উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা ময়নার বাড়ি এলাকার আবদুস ছোবাহানের ছেলে।

শনিবার (২৭ জুন) ভোর ৪টায় সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২২ জুন বেলা ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন প্রকাশ্যে সোহেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) গিয়াস উদ্দিন ও তার বোন কহিনূর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ

ksrm