আনোয়ারায় ত্রুটিপূর্ণ বাঁধের কারণেই বন্যা, পরিদর্শন শেষে নাহিদ ইসলাম

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে সারাদেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে আনোয়ারার জলাবদ্ধতার জন্য ত্রুটিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণকে দায়ী করে বিষয়টি সংসদে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার (১২ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষ করেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশত পরিবার এখনো পানিবন্দী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বেড়িবাঁধের কারণেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ বিপুল অর্থ লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

চলতি বাজেটেও বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ যেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে স্বচ্ছভাবে ব্যয় হয় এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এনসিপি নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে এবং দলীয় নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক চট্টগ্রাম কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহেদুল আলমসহ এনসিপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এএইচ

ksrm